সংগীত জগত থেকে এবার অভিনয়ে নাম লেখালেন গায়ক মাইনুল আহসান নোবেলের সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ। ছোট পর্দায় তার অভিষেক ঘটছে ‘টানাপোড়েন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে। সালসাবিল নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাপ্পি খান পরিচালিত এই নাটকটি একটি পারিবারিক গল্পনির্ভর প্রযোজনা, যেখানে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং জীবনের নানা টানাপোড়েনের গল্প তুলে ধরা হয়েছে। সালসাবিল জানিয়েছেন, এটি তার প্রথম অভিনয় এবং চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং হওয়ায় তিনি ভীষণভাবে উচ্ছ্বসিত। এরই মধ্যে নাটকের শুটিং শুরু হয়ে গেছে।
সম্প্রতি সালসাবিল তার ফেসবুক পেজে নাটকটির একটি পোস্টার প্রকাশ করেছেন, যেখানে তাকে বিমর্ষ এক চরিত্রে দেখা যাচ্ছে। পোস্টারটি প্রকাশের পর থেকেই দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। অভিনয়ের জগতে সালসাবিলের এই নতুন আগমনে তার অনুরাগীদের মধ্যে বেশ সাড়া মিলেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে একজন অভিনয়শিল্পী হিসেবে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন এবং তার নতুন চরিত্রটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।





