বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড: ডাবলিনে পুলিশের সাথে সংঘর্ষ, গ্রেপ্তার ২৯

অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল আয়ারল্যান্ড: ডাবলিনে পুলিশের সাথে সংঘর্ষ, গ্রেপ্তার ২৯
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডে অভিবাসনবিরোধী বিক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে উঠেছে। দেশটির রাজধানী ডাবলিনের স্যাগার্ট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত দুই দিনে ডাবলিন থেকে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানা গেছে।

সম্প্রতি আয়ারল্যান্ডের পুলিশ নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। আটককৃত নথিবিহীন অভিবাসীদের বিভিন্ন হোটেলে রাখা হচ্ছে। এর জের ধরে গত ২০ অক্টোবর সোমবার থেকে বিক্ষোভ শুরু হয়। ওই দিনই স্যাগার্টের সিটিওয়েস্ট হোটেল থেকে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইরিশ পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে ১০ বছর বয়সী এক মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল।

এই ঘটনা ছড়িয়ে পড়ার পরপরই সিটিওয়েস্ট হোটেল ও তার আশেপাশের এলাকায় অভিবাসনবিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এক পর্যায়ে উত্তেজিত বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায়।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল, ইট-পাটকেল, হাতবোমা এবং আতশবাজি নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে অন্তত দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিক্ষোভ শুরুর পরের দিন মঙ্গলবার পুলিশের ওপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরের দিন বুধবার আরও ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা আয়ারল্যান্ডের জনজীবনে উত্তেজনা সৃষ্টি করেছে এবং অভিবাসন নীতি নিয়ে বিতর্ক আরও জোরালো হচ্ছে।

মন্তব্য করুন:

channel muskan ads