চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৪) অ্যাম্বুলেন্সে ধর্ষণের অভিযোগে চালক মো. মুরাদ হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারীর ভগ্নিপতি সদর মডেল থানায় চালকসহ অজ্ঞাতপরিচয় আরও দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
শনিবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। গ্রেপ্তার মুরাদ চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার মোস্তফা বেপারির ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। ওই সময় সড়কে পুলিশের একটি টহল দল ছিল। অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে দেখে তারা তল্লাশি চালিয়ে ওই নারীকে উদ্ধার ও অ্যাম্বুলেন্সচালককে আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার মুরাদ ঢাকা থেকে রোগী নিয়ে লক্ষ্মীপুরে যান। সেখান থেকে চাঁদপুরে আসার পথে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ড থেকে কয়েকজনের সহযোগিতায় ওই নারীকে অ্যাম্বুলেন্সে তুলেন।
স্বজনরা জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ও স্বামী পরিত্যক্তা। তিনি বাবা-মার সঙ্গে বাড়িতে থাকেন। মাঝে মধ্যে তিনি পরিবারের সদস্যদের অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। একইভাবে ৪ সেপ্টেম্বর সকালে বের হন। পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজে পাননি। শনিবার পুলিশের মাধ্যমে জানতে পারেন ওই নারী থানা হেফাজতে আছেন।
ওসি মো. বাহার মিয়া বলেন, চাঁদপুর ২৫০ সরকারি হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা (ফরেনসিক) সম্পন্ন হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





