শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ থেকে দেশে কমছে স্বর্ণের দাম

আজ থেকে দেশে কমছে স্বর্ণের দাম
ফাইল ছবি

দেশের বাজারে আজ বুধবার (৫ নভেম্বর) থেকে প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ শনিবার (১ নভেম্বর) স্বর্ণের ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়ালেও এবার দাম কমানোর ঘোষণা দিয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। সর্বশেষ গত ৩০ অক্টোবর বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ৩১ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল।

সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এ নিয়ে চলতি বছর মোট ৭৩ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫০ বার দাম বাড়ানো হয়েছে, আর কমেছে মাত্র ২৩ বার। এছাড়া, ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।

স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ২৪৬ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

চলতি বছর এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং মাত্র ৩ বার কমেছে। গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল ৩ বার।

মন্তব্য করুন:

channel muskan ads