গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির এক বছরেরও বেশি সময় পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর প্রথম সাক্ষাৎকার দিয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এই সাক্ষাৎকারগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর বক্তব্য উঠে এসেছে।
যেসব সংবাদমাধ্যম শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ করেছে, সেগুলোর মধ্যে রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট। গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর এটিই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার।
রয়টার্সের জন্য নয়া দিল্লি থেকে ইমেইলের মাধ্যমে সাক্ষাৎকারটি গ্রহণ করেন কৃষ্ণা এন. দাস, সরিতা চাগান্তি সিংহ এবং ঢাকার রুমা পাল।
এএফপি জানিয়েছে যে তারা নয়া দিল্লি থেকে একটি লিখিত সাক্ষাৎকার নিয়েছে, তবে সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক বা ব্যক্তির নাম উল্লেখ করেনি।
অন্যদিকে, দ্য ইন্ডিপেনডেন্টের মারুশা মুজাফফর শেখ হাসিনার সঙ্গে কীভাবে যোগাযোগ করেছেন তা উল্লেখ না করেই সাক্ষাৎকারটি প্রকাশ করেছেন। ফলে তাঁর সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।
বর্তমানে শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ যাবতীয় কর্মকাণ্ড সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
গত জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন এবং আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলমান আছে। এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রকাশ বা প্রচার নিষিদ্ধ ঘোষণা করেছে।





