সিরিজে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ থাকলেও তৃতীয় একদিনের ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে ১০২ রানের বড় ব্যবধানে হেরেছে আজিজুল হাকিম তামিমের দল, যার ফলে আফগান যুবারা সিরিজে সমতা ফিরিয়ে এনেছে।
আফগানিস্তানের দেওয়া ২৭৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রিফাত বেগ। এরপর জাওয়াদ আবরার ২৪ বলে ২৫ রান করে বিদায় নেন। এদিন অধিনায়ক তামিমের ব্যাটও হাসেনি। মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এই কঠিন অবস্থা থেকে দলকে উদ্ধারের চেষ্টা করেন রিজান হোসেন ও কালাম সিদ্দিকী অলিন। দুজনেই অর্ধশতক হাঁকান এবং তাদের জুটিতে আসে ৯৩ রান। রিজান ৫০ বলে ৫২ রান করে আউট হলে জুটি ভাঙে। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। শেষদিকে বাংলাদেশের ৩৫ রানে ৭ উইকেট হারানোয় টাইগার যুবাদের ১০২ রানের বিশাল পরাজয় নিশ্চিত হয়।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সফরকারী আফগানিস্তানের শুরুটা ভালো ছিল না। ইনিংসের তৃতীয় ওভারেই ১০ রানে প্রথম উইকেট হারায় তারা। তবে শুরুর সেই ধাক্কা সামলে পাল্টা আক্রমণ শুরু করেন ওয়ান ডাউনে নামা ফয়সাল খান। তিনি ১০৫ বলে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে অসাধারণ ১০০ রানের এক ইনিংস খেলেন।
সেঞ্চুরিয়ান ফয়সালকে আউট করে আজিজুল হাকিম তামিম যখন বাংলাদেশকে ম্যাচে ফেরার ইঙ্গিত দেন, তখন ২১০ রানে ৫ উইকেট হারিয়ে আফগানরা কিছুটা চাপে পড়েছিল। তবে শেষদিকে অধিনায়ক মাহবুব খান হাল ধরেন। তার ৭৮ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভর করে আফগানিস্তান ২৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায়। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ এবং আজিজুল হাকিম তামিম দুটি করে উইকেট শিকার করেন।





