শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

“আবার নির্বাচন করতে পারব, ভাবিনি”: লুৎফুজ্জামান বাবর

"আবার নির্বাচন করতে পারব, ভাবিনি": লুৎফুজ্জামান বাবর
লুৎফুজ্জামান বাবর। ছবি: সংগৃহীত

১৭ বছর পর কারামুক্ত হয়ে নির্বাচনি মাঠে ফিরেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে তিনি বলেন, “আবার নির্বাচন করতে পারব, তা কখনও ভাবিনি।”

শুক্রবার (১৪ নভেম্বর) নেত্রকোনা সদরের চল্লিশা এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। বিএনপির মনোনয়ন পাওয়ার পর এই প্রথম নিজ এলাকায় এলেন বাবর।

বাবর তার প্রতিক্রিয়ায় বলেন, “নির্বাচনের এই সুযোগের জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। একই সাথে আমার দল, দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞ। তারাই আমাকে আবারও এই ভাটিবাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।”

তিনি আরও বলেন, “মনোনয়ন পাওয়ার পর আজই প্রথম আমি আমার নিজ এলাকায় এসেছি। এজন্য আমি নেত্রকোনাবাসীর কাছেও শুকরিয়া আদায় করছি। নেত্রকোনার মানুষ আমার জন্য অনেক দোয়া করেছেন। আমার নির্বাচনি এলাকা নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ-খালিয়াজুরি) এর ভাটিবাংলার মানুষের ঋণ আমি ভুলতে পারব না। আমি আমার সারা জীবন তাদের জন্য কাজ করে যাব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”

ভবিষ্যৎ প্রসঙ্গে বাবর বলেন, “আল্লাহর ইচ্ছা এবং আমার নেত্রী ও নেতার কারণেই আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলাম। ভবিষ্যতেও মহান আল্লাহ এবং আমার নেত্রী ও নেতাই সব কিছু নির্ধারণ করবেন। এ বিষয়ে আমার কোনো নিজস্ব বক্তব্য নেই।”

জুলাই সনদ নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “জুলাই সনদ প্রসঙ্গে আমাদের মহাসচিব ইতোমধ্যে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর দল থেকে তাকে সাধুবাদ জানানো হয়েছে। সেটাই আমার বক্তব্য এবং আমিও তাকে সাধুবাদ জানাই।”

উল্লেখ্য, নেত্রকোনার পাঁচটি আসনের মধ্যে হাওড়-অধ্যুষিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৪ আসন। এই আসনেই দীর্ঘ ১৭ বছর পর ধানের শীষের প্রার্থী হয়েছেন লুৎফুজ্জামান বাবর।

মন্তব্য করুন:

channel muskan ads