নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় ইসির সামনে ৫০ ঘণ্টার অনশন করছেন আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান। এই অনশন কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে সংহতি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তারেক রহমানের অনশনস্থলে উপস্থিত হয়ে সংহতি জানান বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, “আমজনতা দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি। আমি দেখেছি, কিছু কম গুরুত্বপূর্ণ সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকের দলকে কেন নিবন্ধন দেওয়া হলো না, তা আমার বোধগম্য নয়।”
তিনি আরও বলেন, “তারেক এই দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। সে একটি বৈধ রাজনৈতিক দল গঠন করতে চেয়েছে, গোপন কোনো দল নয়। যদি তার উদ্দেশ্য খারাপ থাকত, তাহলে সে গোপন দল গঠন করে রাষ্ট্রবিরোধী কাজ করত। একটি রাজনৈতিক দলের নিবন্ধন অবশ্যই তার প্রাপ্য। এই ন্যায়সঙ্গত কারণের ভিত্তিতে, তারেক রহমানের এই অনশন কর্মসূচির প্রতি বিএনপির পক্ষ থেকে আমরা পূর্ণ সংহতি জানাচ্ছি।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল থেকে ইসি ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান।





