বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেফতার
ছবি: সংগৃহীত

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই পরিচিত, তাকে শনিবার (১৫ নভেম্বর) দুপুরে পুলিশ গ্রেফতার করেছে। ঢাকার হাতিরঝিল থানা পুলিশ তাকে আটক করে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এই গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, হিরো আলমের স্ত্রী রিয়া মনির দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই আজ তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্ত্রীর রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে রাজধানীর হাতিরঝিল থানায় এই মামলাটি দায়ের করেন। এই মামলায় হিরো আলমের পাশাপাশি আহসান হাবিব সেলিম নামের আরেক ব্যক্তিকেও আসামি করা হয়েছে এবং তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।

বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, “আসামিরা আদালতের দেওয়া জামিনের শর্ত মানেননি। তারা নিয়মিত আদালতে হাজিরা দেননি, যার কারণে আমরা তাদের জামিন বাতিলের আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এরই ফলস্বরূপ আজ মূল আসামি হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে।”

মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও তার স্ত্রী রিয়া মনির মধ্যে সম্পর্কের অবনতি হয়। একপর্যায়ে হিরো আলম রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন। গত ২১ জুন, রিয়া মনির পরিবারের সঙ্গে বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় তাদের ডাকা হয়। অভিযোগ মতে, সেই সময়ে হিরো আলম এবং ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এরপর তারা রিয়া মনির বর্তমান বাসায় জোরপূর্বক প্রবেশ করে কাঠের লাঠি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করেন। এই হামলায় রিয়া মনির শরীরে আঘাত লাগে। অভিযোগ আরও বলা হয়েছে যে, এ সময় তার গলায় থাকা প্রায় ‘দেড় ভরি’ ওজনের একটি সোনার চেইন চুরি করে নেওয়া হয়। এই ঘটনার প্রেক্ষিতে গত ২৩ জুন রিয়া মনি বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুন:

channel muskan ads