সম্প্রতি ইসরায়েলি উপকূলের তুলনামূলক অগভীর পানিতে আপন মনে ঘুরে বেড়ানো একটি বিপন্ন তিমি হাঙর স্থানীয়দের মনে আনন্দের সঞ্চার করেছিল। কিন্তু ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এখন জানাচ্ছে যে, সেই তিমি হাঙরটিকে আর দেখা যাবে না, কারণ সম্ভবত এটি গাজার সীমানায় গিয়ে ফিলিস্তিনিদের হাতে ধরা পড়েছে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, গাজার বাসিন্দারা উপত্যকার সমুদ্রসৈকতে একটি বিশাল হাঙরের চারপাশে ভিড় করছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, এটিই সম্ভবত সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি উপকূলে দেখা যাওয়া সেই তিমি হাঙরটি। হাঙরটিকে শিকার করা হয়েছিল নাকি এটি সমুদ্রসৈকতে ভেসে এসেছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে হাজার হাজার গাজাবাসী এটি দেখার জন্য চারপাশ ঘিরে হৈ-হুল্লোড় করছেন এবং অনেকে ভিডিও ধারণ করছেন।
ভিডিওতে আরও দেখা গেছে, উপচেপড়া ভিড়ের মধ্যেই একটি দল দড়ি দিয়ে বেঁধে হাঙরটি তীরে তুলে আনার চেষ্টা করছে। মানুষের ঠাসাঠাসির কারণে দলটি ঠিকভাবে কাজটি করতে পারছিল না, তবে দলটি দড়ি ধরে টান দিতেই হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়ছিলেন।
শুক্রবার দ্য টাইমস অব ইসরায়েল এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে বলেছে, গাজায় একটি তিমি হাঙর ধরা পড়েছে এবং আপাতদৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে যে, এটি সম্প্রতি ইসরায়েলি উপকূলের কাছে ঘুরে বেড়ানো সেই হাঙর।
তিমি হাঙর (বৈজ্ঞানিক নাম: Rhincodon typus) Rhincodontidae পরিবারের এক প্রজাতির হাঙর। এ প্রজাতি সামুদ্রিক বাস্তুসংস্থানে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাকৃতিক বাস্তুসংস্থানিক বিপর্যয় রোধে এর অবদান অনস্বীকার্য। কিন্তু দুঃখজনকভাবে এটি বর্তমানে বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত। তাই বিশ্বের বিভিন্ন দেশে আইন করে এই প্রজাতিটি রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশেও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত। এই প্রেক্ষাপটে গাজায় তিমি হাঙরটি ধরা পড়ার ঘটনা পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।





