শুক্রবার সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বেশ কয়েকটি এলাকায় ৫.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দু কুশ অঞ্চলে এবং এটি ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
পিএমডি-র তথ্য অনুযায়ী, ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি, পেশাওয়ার, সোয়াত, গিলগিট ও অ্যাবোটাবাদসহ আশেপাশের অঞ্চলগুলোতে শক্তিশালী কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতায় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা দ্রুত বাড়িঘর ছেড়ে বাইরে খোলা জায়গায় আশ্রয় নেয়।
তবে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও ইসলামাবাদ ও খাইবার পাখতোনখোয়ার একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। ঘন ঘন ভূমিকম্পের ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।





