সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে তারা বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার কমিশনের সদস্য সচিব ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতি। তিনি নতুন যোগদানকারীদের বরণ করে নেন এবং তাদের হাতে বিএনপির পতাকা তুলে দেন।
এ সময় খাঁন সাঈদ হাসান জ্যোতি বলেন, “বাঙালা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত কর্মিসভায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেনসহ ৩০ জন আমার হাত ধরে বিএনপিতে যোগদান করেছেন।”
তবে এই যোগদানের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে বাঙালা ইউনিয়ন জামায়াত। বাঙালা ইউনিয়ন জামায়াতের আমির আমিনুল ইসলাম জানান, আনোয়ার হোসেনকে প্রায় ছয় মাস আগে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তার সঙ্গে আরও ৩০ জন কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন কিনা সে বিষয়ে তিনি অবগত নন।





