শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এক মাস আগেও ডনের হুমকি পেয়েছি: সালমান শাহের মা নীলা চৌধুরী

এক মাস আগেও ডনের হুমকি পেয়েছি: সালমান শাহের মা নীলা চৌধুরী
ছবি: সংগৃহীত

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢালিউডের ক্ষণজন্মা অভিনেতা সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তার অকালমৃত্যু নিয়ে তৈরি হওয়া রহস্যের জট এবার ‘হত্যা মামলা’ হিসেবে নতুন মোড় নিয়েছে। এর আগে পিবিআই বলেছিল—এটি আত্মহত্যা, কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী এই তদন্তকে ‘নিরপেক্ষ নয়’ দাবি করে ২০২১ সালে নারাজি দিয়েছিলেন।

দীর্ঘদিন ‘আত্মহত্যা’ হিসেবে বিবেচিত হলেও, গত সোমবার (২০ অক্টোবর) ২৯ বছর পর আদালত ‘হত্যা মামলা’ করার নির্দেশ দেন। এই মামলায় ১১ জন আসামি রয়েছেন এবং তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে রমনা থানাপুলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে লন্ডন থেকে সালমান শাহর মা নীলা চৌধুরী স্বস্তি প্রকাশ করে বলেছেন, তিনি ন্যায়বিচার পেতে যাচ্ছেন।

‘কোনো আলামত দেখে মনে হয়েছিল খুন?’ এমন প্রশ্নের উত্তরে নীলা চৌধুরী বলেন, “খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। সেটি তার শরীরেও ছিল। এটি খুন, বোঝাই যাচ্ছিল। প্রমাণও ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে তো বলেই দিল—কীভাবে খুন করেছে।”

তিনি আরও বলেন, “এটা পরিকল্পিত খুন। সামিরা চিটাগং থেকে লোক এনেছে। এরাই অন্যদের সঙ্গে মিলে ইমনকে (সালমান শাহ) খুন করেছে। ওই বিল্ডিংয়ের অনেক ফ্ল্যাট ছিল আজিজ মোহাম্মদের ভাড়া করা। সেখানে তার লোকজন থাকত। ২৯ বছর ধরেই আমি বলে আসছি, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। কিন্তু কেউ আমার কথা কানে নেয়নি।”

নীলা চৌধুরী আক্ষেপ করে বলেন, “এই ২৯ বছর কিছু মানুষ আমাকে খারাপ বলেছে। আমার ছেলেকে খারাপ বলেছে। আমার জন্য ছেলে মারা গেছে, সেটিও শুনতে হয়েছে আমাকে। লালন-পালন করে বড় করে আমি নাকি আমার ছেলেকেই মেরেছি—এটিও আমাকে শুনতে হয়েছে।”

একটি চাঞ্চল্যকর অভিযোগ তুলে তিনি বলেন, “এই এক মাস আগেও অভিনেতা ডন আমাকে হুমকি দিয়েছে। প্রেসক্লাবের সামনে যেতে বলেছে। চিন্তা করা যায়, যে আমার ছেলের পিছে পিছে ঘুরত। সাহস পেত না আমাদের সঙ্গে কথা বলার। সেই ডন কত বড় ব্যাকআপ থাকলে আমাকে হুমকি দিতে পারে?”

সালমান শাহর মা বলেন, “আমাকে এই ঘটনার জন্য দায়ী করেছে সামিরা, আজিজ, ডনরা। কিন্তু ২৯ বছর ধরে আমার বিশ্বাস ছিল, আইনে একদিন প্রমাণ হবে—এটি খুন। আদালত যেভাবে সোমবার (২০ অক্টোবর) ঘটনাটি উপস্থাপন করেছেন, সেখান থেকে আমাকে যেভাবে সান্ত্বনা দেওয়া হয়েছে; সেটি আমাকে মানসিকভাবে শান্তি দিয়েছে।”

নীলা চৌধুরী আরও বলেন, “দীর্ঘদিন পর একটা ভরসার জায়গা তৈরি হলো। মামলার কার্যক্রম এত দ্রুত হয়ে যাবে ভাবিনি। এ জন্য শুকরিয়া। অনুভূতি আর কী বলব। আমার সব শরীর–মন খালি খালি মনে হচ্ছে। ফাঁকা ফাঁকা মনে হচ্ছে।”

ছেলেকে খুন করা হয়েছে, মামলা হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে অবশেষে ন্যায়বিচার পাব—এটাই তার কাছে ভালো লাগার কথা বলে জানান সালমান শাহর মা। তিনি বলেন, “আমার কাছে মনে হয়েছে ন্যায়বিচার পাচ্ছি। প্রত্যাশা আছে বলেই ইনশাআল্লাহ ভবিষ্যতে ন্যায়বিচার পাব। এতদিন যারা এত কথা বলেছে, আমাকে হুমকি দিয়েছে, তাদের বিচার হতেই হবে।”

মন্তব্য করুন:

channel muskan ads