শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি

এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেয়া সম্ভব নয়: সিইসি

নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম বিভাগের জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় শেষে বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে সিইসি বলেন, ‘আগামী নির্বাচনে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, আজকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা বসেছি। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে, এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

সিইসি জানান, আমরা আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই, যাতে নারী-পুরুষ সবাই মিলে উন্মুক্ত পরিবেশে নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা এমন একটি পরিবেশ নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছেন। এ সময় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দল যখন নিবন্ধন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে, সেখান থেকে একটি প্রতীক দিতে হয়। যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় এই প্রতীক (শাপলা) নেই, তাই আমরা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এই প্রতীক দিতে পারিনি। কারণ, বিধান হলো আমাদের যে তালিকাভুক্ত প্রতীক, সেখান থেকেই একটি প্রতীক দিতে হবে।

মন্তব্য করুন:

channel muskan ads