রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। ঢাকা-৮ আসনের এই সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থীর সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে শনিবার (১৩ ডিসেম্বর) তথ্য জানিয়েছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ।
সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের সংবাদমাধ্যমকে জানান, ওসমান হাদির ‘ইন্টারনাল রেসপন্স’ বা অভ্যন্তরীণ সাড়া পাওয়া যাচ্ছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং এই সময়ের আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
অন্যদিকে, মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী কিছুটা আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘শরিফ ওসমান হাদি বর্তমানে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন এবং তার শরীরে রক্ত গ্রহণ প্রক্রিয়া চলছে, যা চিকিৎসার ক্ষেত্রে ইতিবাচক দিক। আমরা আশা করছি, তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য আরও ভালো কোনো স্থানে নেওয়া সম্ভব হবে এবং তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।’
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পরিবারের সম্মতিতে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি হাসপাতালে পৌঁছায়।
উল্লেখ্য, গত শুক্রবার জুমার নামাজের পর বিজয়নগর কালভার্ট এলাকায় রিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন ওসমান হাদি। পেছন থেকে আসা মোটরসাইকেল আরোহীরা খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি করে। গুলিটি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে তৎক্ষণাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল।





