জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী বর্তমানে সিনেমা থেকে কিছুটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি বরাবরই সরব। শাকিব খান ইস্যু নিয়ে আলোচনায় থাকলেও, মাঝে মাঝেই তিনি নিজের গ্ল্যামারাস ছবি দিয়ে ভক্তদের মন জয় করে নেন। সম্প্রতি তেমনই একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করে তিনি নেটিজেনদের মুগ্ধ করেছেন।
সিনেমায় নিয়মিত না হলেও, ফটোশুট এবং বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বুবলী। সম্প্রতি একটি পার্লারের প্রচারণামূলক ফটোশুটে তাকে দেখা গেছে এক রাজকীয় রূপে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বুবলী তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো পোস্ট করার পরপরই রীতিমতো ঝড় ওঠে।
ছবিগুলোতে বুবলীকে দেখা গেছে অফ-শোল্ডার সাদা ফুলেল টপ এবং কালো জমকালো গাউনে, যা তাকে দিয়েছে হলিউড ডিভার মতো এক আবেদনময়ী লুক। একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে থাকা তার ছবিগুলোতে যোগ করেছে বাড়তি মাত্রা। গাড়ির ভেতরের রঙও যেন তার রাজকীয় সাজের সঙ্গে মিশে গেছে। ক্যামেরার দিকে তার লাস্যময়ী চাহনি এবং স্টিয়ারিংয়ে হাত রেখে আত্মবিশ্বাসী ভঙ্গি—সব মিলিয়ে ফ্যাশনের এক জীবন্ত উপস্থাপনা করেছেন এই অভিনেত্রী।
এই লুকের মূল আকর্ষণ ছিল বুবলীর পোশাক এবং মেকওভার। সাদা ফুলেল নকশার টপের সঙ্গে কালো স্লিম-ফিট গাউনটি একটি মার্জিত বৈপরীত্য তৈরি করেছে। এছাড়া মাথায় ভেলযুক্ত হ্যাট এবং কানে মুক্তার দুল তার স্টাইলকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। ফটোশুটের ক্যাপশনে বুবলী নিজের আত্মবিশ্বাস, সাফল্য এবং গ্ল্যামার তুলে ধরেছেন একটি শক্তিশালী বাক্যে: “বসের মতো লড়ো, রানির মতো বাঁচো।”
বুবলীর এই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক ও মন্তব্যে ভরে যায়। একজন নেটিজেন লিখেছেন, “এই লুক একেবারে কুইনের মতো।” আরেকজন মন্তব্য করেছেন, “এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ।”





