বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ (২৬৫) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। নেতাকর্মীরা অঙ্গীকার করেছেন, বেগম জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও সংসদে পাঠাবেন।
দলীয় সূত্রে জানা যায়, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসনটি ঐতিহ্যগতভাবে বেগম খালেদা জিয়ার দুর্গ হিসেবে পরিচিত। এই আসন থেকে নির্বাচিত হয়ে তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ফেনী, বেগম জিয়ার জন্মস্থান হওয়ায়, এটিকে বিএনপির ঘাঁটি হিসেবে ধরা হয়।
ইতিমধ্যেই এই আসনে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে খালেদা জিয়ার পক্ষে লিফলেট বিতরণসহ প্রচারণা চালিয়েছেন। নেতাকর্মীদের মুখে এখনও ‘ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা’ স্লোগানটি শোনা যায়। ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা জয়লাভ করেন।
তবে, ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। এর আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগের এবিএম মূসা এ আসনে জয়ী হলেও, এরপর আওয়ামী লীগ আর জিততে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমদ কালবেলাকে জানান, বেগম জিয়াকে মনোনীত করায় আমি বিএনপি হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আশাবাদী, প্রতিবারের মতো এবারও সব ভেদাভেদ ভুলে গিয়ে বেগম জিয়াকে বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠানো হবে। তিনি আরও বলেন, ফেনীর উন্নয়নে সর্বস্তরের জনগণ একযোগে ধানের শীষ প্রতীকে বেগম জিয়াকে বিজয়ী করবেন।
পরশুরাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বলেন, স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের বিভাজন থাকলেও খালেদা জিয়া প্রার্থী হওয়ায় সব বিভেদ ভুলে গিয়ে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবে।
ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপও একই কথা বলেছেন। তিনি জানান, রাষ্ট্রের ও ফেনীর উন্নয়নে তারা আবারও খালেদা জিয়াকে ফেনী-১ আসনে বিজয়ী করবেন।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল কালবেলাকে জানান, খালেদা জিয়া এ দেশের সবচেয়ে নির্যাতিত দেশনেত্রী। তাকে ফেনী-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করায় জেলা বিএনপির পক্ষ থেকে দলের হাইকমান্ডকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, ‘এ নিয়ে আমরা খুব উচ্ছ্বসিত। আমরা আশা করছি, ফেনী জেলার সার্বিক উন্নয়নে ফেনী-১ আসনের জনগণ আমাদের প্রিয় নেত্রীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।’
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির বাসিন্দা।





