পটুয়াখালীর মহিপুরে এক ব্যতিক্রমী ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে সজ্জিত এক কিশোরীকে দেখতে জনতার উপচে পড়া ভিড় জমে। উৎসুক জনতা তার সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে।
গত বুধবার (২২ অক্টোবর) বিকেলে মহিপুর থানা বিএনপির উদ্যোগে ১নং ওয়ার্ডের ভদ্রবাড়ি মাদ্রাসা মাঠে আয়োজিত এক কর্মী সভায় এই ঘটনা ঘটে। কিশোরীটির নাম মুনতাহা ভদ্র, যিনি মহিপুর ইউনিয়ন যুবদল নেতা মোজাম্মেল ভদ্রের মেয়ে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, মুনতাহা বেগম খালেদা জিয়ার স্টাইল ও পোশাক অনুকরণ করে সেজেছিল। তার এই সাজসজ্জা এবং সভায় উপস্থিতি মুহূর্তেই সবার মাঝে কৌতূহল ছড়িয়ে দেয়। স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ তার সঙ্গে ছবি, সেলফি এবং ভিডিও ধারণে মেতে ওঠেন।
কিশোরী মুনতাহা এই বিষয়ে বলেন, “সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন, আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার প্রিয় নেত্রী। তার মতো সাজতে পেরে আমার খুব ভালো লাগছে।”
উক্ত কর্মী সভায় মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক সজিব হাওলাদার, যুবদল সভাপতি মনির মুসুল্লী, সাধারণ সম্পাদক আলম সন্যমত, সিনিয়র সহসভাপতি রিপন মুসুল্লীসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই ঘটনাটি কর্মী সভায় এক নতুন মাত্রা যোগ করে এবং উপস্থিত সকলের মনোযোগ আকর্ষণ করে।





