শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গাজা সম্মেলনে ট্রাম্প-প্রাবোয়োর ফিসফাস ফাঁস: এরিক ট্রাম্পের সঙ্গে বৈঠকের আবদার!

গাজা সম্মেলনে ট্রাম্প-প্রাবোয়োর ফিসফাস ফাঁস: এরিক ট্রাম্পের সঙ্গে বৈঠকের আবদার!

মিসরের শারম আল শেখে সোমবার অনুষ্ঠিত গাজা শান্তি সম্মেলনে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তোর মধ্যে ব্যক্তিগত ফিসফাস অসাবধানতাবশত লাইভ মাইক্রোফোনে রেকর্ড হয়ে ফাঁস হয়ে যায়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাবোয়ো মার্কিন প্রেসিডেন্টের কাছে তার ছেলে এরিক ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান।

ঘটনাটি ঘটে ট্রাম্পের ভাষণ শেষ হওয়ার পরপরই। মঞ্চেই তিনি মাইক্রোফোনের পাশে দাঁড়িয়ে ছিলেন, যখন প্রাবোয়ো তার কাছে আবদার করেন। রেকর্ডিংয়ে শোনা যায়, প্রাবোয়ো ট্রাম্প অরগানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্পের সঙ্গে বৈঠকের ব্যাপারে জানতে চান।

ভিডিও ফুটেজে দেখা যায়, দুই প্রেসিডেন্ট কেউই বুঝতে পারেননি যে তাদের ব্যক্তিগত কথোপকথন লাইভ মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। প্রাবোয়োকে বলতে শোনা যায়, “একটি অঞ্চল নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। আমি কি এরিকের সঙ্গে দেখা করতে পারি?” জবাবে ট্রাম্প বলেন, “আমি এরিককে ফোন করতে বলব। করব কি? সে খুব ভালো ছেলে। আমি ওকে বলব ফোন করতে।” এরপর প্রাবোয়ো “হ্যারির সঙ্গে দেখা করব, আমরা একটি ভালো জায়গা খুঁজব” বললে ট্রাম্প আবারও এরিককে ফোন করতে বলার আশ্বাস দেন। প্রাবোয়ো তখন এরিক অথবা ডোনাল্ড জুনিয়রের কথা উল্লেখ করেন।

এরিক ট্রাম্প এবং তার ভাই ডোনাল্ড ট্রাম্প জুনিয়র দুজনেই ট্রাম্প অরগানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। এই সংস্থা রিয়েল এস্টেট, হসপিটালিটি এবং ব্লকচেইন-ভিত্তিক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাবোয়ো যে ‘হ্যারির’ কথা উল্লেখ করেছেন, তা স্পষ্ট নয়, তবে এমএনসি গ্রুপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান হ্যারি তানোসোয়েদিবজো ট্রাম্প অরগানাইজেশনের দীর্ঘদিনের অংশীদার।

এই ঘটনায় হোয়াইট হাউস বা ট্রাম্প অরগানাইজেশনের ইন্দোনেশীয় ব্যবসায়িক অংশীদার এমএনসি গ্রুপ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। রেকর্ডিংয়ে এটি পরিষ্কার নয় যে দুই প্রেসিডেন্টের এই আলোচনা ট্রাম্প অরগানাইজেশন বা প্রেসিডেন্ট ও তার পরিবারের কোনো ব্যবসায়িক চুক্তি সংক্রান্ত ছিল কিনা।

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিয়োনো জানিয়েছেন, তিনি ট্রাম্পের সঙ্গে প্রেসিডেন্টের আলোচনার বিষয়বস্তু জানেন না, তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং আলোচনাটি রাষ্ট্রীয় বিষয়ের বাইরেও হতে পারে। হ্যারি তানোসোয়েদিবজো সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি জানান, রেকর্ডটি শোনেননি।

উল্লেখ্য, ট্রাম্প অরগানাইজেশন ও এমএনসি ল্যান্ড যৌথভাবে জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে একটি রিসোর্ট প্রকল্প পরিচালনা করছে, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে পরিবেশগত সমস্যার কারণে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও, বালি দ্বীপে একটি বিলাসবহুল রিসোর্ট ও গলফ ক্লাব নির্মাণাধীন রয়েছে।

মন্তব্য করুন:

channel muskan ads