গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) আলোচিত কমিশনার নাজমুল করিম খানকে সরকার চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, “গাজীপুর জিএমপির পুলিশ কমিশনার (কর্মস্থল থেকে পুলিশ সদর দপ্তরে প্রত্যাহারকৃত) মো. নাজমুল করিম খানকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু নাজমুল করিম খানকে সরকারি চাকরি আইনের বিধান মোতাবেক সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।”
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের আগস্টে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে যে, জিএমপি কমিশনার নাজমুল করিম খান প্রতিদিন ঢাকার গুলশানের বাসা থেকে গাজীপুরে যাওয়ার সময় টঙ্গীর কলেজগেট এলাকায় উড়ালসড়ককে একমুখী করে দিতেন। এ সময় গাজীপুর থেকে ঢাকামুখী লেন বন্ধ রাখা হতো। আবার কমিশনার ঢাকায় ফেরার সময় একইভাবে গাজীপুরের ভোগড়া এলাকার উড়ালসড়ক একমুখী করে দেওয়া হতো এবং তখন গাজীপুরমুখী চলাচল বন্ধ করে দেওয়া হতো। পুলিশের সদর দপ্তরের এক প্রতিবেদনেও এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর, গত সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে নাজমুল করিম খানকে জিএমপি কমিশনারের পদ থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছিল।





