শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে জনসংযোগকালে বিএনপি প্রার্থীর ওপর গুলি: মির্জা ফখরুলের উদ্বেগ

চট্টগ্রামে জনসংযোগকালে বিএনপি প্রার্থীর ওপর গুলি: মির্জা ফখরুলের উদ্বেগ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ জনসংযোগ চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকাল সোয়া ৫টার দিকে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান, দলীয় মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ ধানের শীষের পক্ষে হামজারবাগ এলাকায় জনসংযোগ করছিলেন। সে সময় তিনি গুলিবিদ্ধ হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কে বা কারা এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এরশাদ উল্লাহর সমর্থকরা জানান, জনসংযোগ চলাকালীন সময়ে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলেও বিএনপির এক নেতা দাবি করেছেন।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গুলির ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তিনি নিজেও হাসপাতালে যাচ্ছেন।

উল্লেখ্য, এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন:

channel muskan ads