শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ, হাসপাতালে ভর্তি

চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ এরশাদ উল্লাহ, হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (০৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, মনোনয়নপত্র পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন। সে সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে। এবারের তালিকায় বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর বদলে নতুন মুখ দেখা গেছে।

সোমবার (০৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষিত তালিকা অনুযায়ী, চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন (চেয়ারম্যান); চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর; চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন; চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে চট্টগ্রাম বিভাগে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী; চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ; চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী; চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক; চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম; এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন:

channel muskan ads