কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা কিংবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। তিনি অভিযোগ করেন, সরকার এই ধরনের ঘটনার প্রতিকারে সরকারিভাবে কোনো পদক্ষেপ নেয়নি, যা তাদের একতরফা কার্যক্রমের প্রমাণ।
শুক্রবার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি পারিবারিক কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ভালো অবস্থানে থাকুক বা খারাপ অবস্থানে, তাদের জনসমর্থন বিপুল। তবে একতরফা নির্বাচন দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। তিনি প্রত্যাশা করেন, আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, যেখানে জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।
কাদের সিদ্দিকী সতর্ক করে বলেন, যদি সরকার গুরুত্বসহকারে কাজ করে এবং স্বচ্ছতা বজায় রাখে, তাহলে কোনো ঝুঁকি থাকবে না। কিন্তু যদি পূর্বপরিকল্পিতভাবে নিজেদের ইচ্ছামতো ফলাফল বের করার চেষ্টা করা হয়, তাহলে বড় ধরনের ঝুঁকির সৃষ্টি হবে এবং সরকার সেই ঝুঁকি সামাল দিতে পারবে না।
এ সময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, শেখ মুজিব যদি নিহত না হতেন, তবে বাংলাদেশে একটি নির্দিষ্ট ধারা তৈরি হতো। আজও বাংলাদেশে সেই ধারা তৈরি হয়নি, বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র হিসেবে গঠিত হয়নি। কারণ কারো রাষ্ট্র দর্শন নেই। বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়তে হলে রাষ্ট্রচিন্তাকে পরিষ্কার করতে হবে।
এ সময় তাদের অনুসারী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।





