শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জামায়াত ক্ষমতায় এলে ‘বিষপানে আত্মহত্যা’র ঘোষণা বিএনপি নেতা ফজলুর রহমানের

জামায়াত ক্ষমতায় এলে ‘বিষপানে আত্মহত্যা’র ঘোষণা বিএনপি নেতা ফজলুর রহমানের
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জামায়াতে ইসলামী যদি নির্বাচনে জয়লাভ করে কিংবা সরকার গঠন করে, তবে ‘বিষপান’ করবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান।

শুক্রবার (২১ নভেম্বর) রাতে ইটনা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।

বক্তব্যের এক পর্যায়ে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে ফজলুর রহমান বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিতে কারা আছেন হাত তুলুন… আর রাজাকারের পক্ষে কারা আছেন হাত তুলুন।” সমাবেশে রাজাকারের পক্ষে কেউ হাত না তোলায় তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “কারও হাত রাজাকারের পক্ষে ওঠে না। অথচ এরপরও এরা (জামায়াত) নাকি নির্বাচন করে সরকার গঠন করবে! যদি ইটনা-মিঠামইন-অষ্টগ্রামে এরা পাস করে ফেলে… তবে আমি বিষ খাব।”

জামায়াতের কঠোর সমালোচনা করে ফজলুর রহমান আরও বলেন, দলটির অস্তিত্ব টিকে আছে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দয়ায়। অতীতের স্মৃতিচারণ করে তিনি বলেন, “২০০১ সালে তারা ম্যাডাম খালেদা জিয়ার পায়ে ধরে জীবন ভিক্ষা চেয়েছিল। তখন তিনি তাদের বাঁচিয়েছিলেন। অথচ আজ সাপ হয়ে তারা ফণা তুলেছে। একমাত্র জামায়াত ছাড়া বিএনপিকে কেউ চাঁদাবাজ, ধান্দাবাজ বা চোর-বাটপার বলে না। এরা মূলত মুনাফেক, বেঈমান ও অকৃতজ্ঞ। যার আশ্রয়ে বাঁচে, তাকেই তারা ছোবল মারে।”

নিজেকে আদর্শিক লড়াইয়ের সৈনিক উল্লেখ করে ফজলুর রহমান জানান, তিনি কেবল মুক্তিযুদ্ধের চেতনা, বিএনপি এবং জিয়া পরিবারের অনুসারীদের ভোট প্রত্যাশা করেন। ভোটারের ধর্মীয় পরিচয় তাঁর কাছে মুখ্য নয় উল্লেখ করে তিনি বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান—যিনি ভোটার, আমি তাঁর কাছেই ভোট চাই। কারণ, এ দেশ স্বাধীন হয়েছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে।”

উক্ত কর্মী সমাবেশে ফজলুর রহমানের স্ত্রী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কালাম হোসেন এবং সাধারণ সম্পাদক সিদ্দিকুর জামান ঠাকুর স্বপনসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন:

channel muskan ads