রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা

জাহানারার অভিযোগ নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা
ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগ ঘিরে উত্তাল দেশের ক্রীড়াঙ্গন। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এনেছেন। এই ঘটনা ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়ে মুখ খুলেছেন। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাহানারা আলম যদি আইনগত ব্যবস্থা নিতে চান, তবে সরকার তাকে সর্বাত্মক সহায়তা করবে। তিনি আরও যোগ করেন যে, ক্রীড়াঙ্গনে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে বদ্ধপরিকর।

এদিকে, জাহানারার অভিযোগের পর নড়েচড়ে বসেছে বিসিবি। বোর্ড তার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করেছে, যা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয়েরও নজরে এসেছে। মন্ত্রণালয় ইতোমধ্যে জাহানারা আলমের সাথে যোগাযোগ করেছে এবং তাকে সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছে।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, “আমাদের দপ্তর থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এটি একটি ফৌজদারি অপরাধ হওয়ায়, তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করবে যেন জড়িত কেউ শাস্তি এড়াতে না পারে।”

তিনি মন্তব্য করেন, যৌন হয়রানির ঘটনা ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় হুমকি। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, “এ ধরনের অভিযোগ নতুন নয়। খেলাধুলার অন্যান্য ক্ষেত্রেও বহুবার এমন ঘটনা শুনেছি। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের কাজ করে পার পেয়ে না যায়।”

মন্তব্য করুন:

channel muskan ads