বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জোবায়েদ হত্যাকাণ্ডের সঠিক তথ্য আমাদের কাছে আছে: ডিসি মল্লিক আহসান

জোবায়েদ হত্যাকাণ্ডের সঠিক তথ্য আমাদের কাছে আছে: ডিসি মল্লিক আহসান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের ঘটনায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি জানিয়েছেন, তাদের কাছে এ সংক্রান্ত সঠিক তথ্য রয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই সবকিছু প্রকাশ করা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করে বলেন, মঙ্গলবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সুসংবাদ দিতে পারবেন।

সোমবার (২০ অক্টোবর) জোবায়েদের জানাজা শেষে এক সংবাদ সম্মেলনে ডিসি সামি বলেন, “জোবায়েদ হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তাই গণমাধ্যমের কথা বিশ্বাস করবেন না।” তিনি আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং প্রকৃত ঘাতকদেরই গ্রেফতার করা হবে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির জোবায়েদের বড় ভাইয়ের ৪৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর উল্লেখ করে নিহত শিক্ষার্থীর জন্য গভীর শোক প্রকাশ করেন। তিনি দ্রুত সময়ের মধ্যে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন আগামী দুই দিন শোক দিবস, সভা ও শোক র‍্যালি পালনের ঘোষণা দেন। তিনি প্রশাসনকে ১০ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন, এর মধ্যে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। তিনি পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার শিক্ষার্থীর বাবা-চাচাকে কেন পাঁচ ঘণ্টা বসিয়ে রাখা হলো, তাদের জবাবদিহি করতে হবে। আমরা জনগণের জন্য কষ্টের কারণ হতে চাই না, আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে চাই।”

জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, তারা শুরু থেকেই এ ঘটনার পাশে আছেন এবং প্রকৃত দোষী গ্রেফতার না হওয়া পর্যন্ত পাশে থাকবেন। তিনি পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

গত রোববার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বংশাল এলাকার নূরবক্স রোডের একটি ভবনে টিউশনিতে গিয়ে বাসার নিচেই ছুরিকাঘাতের শিকার হন জোবায়েদ। আহত অবস্থায় সিঁড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করলে তিনি তিনতলায় পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়। জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। জবি কর্তৃপক্ষ নিহতের স্মরণে দুই দিনের শোক ঘোষণা করেছে এবং ২২ অক্টোবর নির্ধারিত বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন স্থগিত করা হয়েছে।

মন্তব্য করুন:

channel muskan ads