প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ দেশে জ্বালাও-পোড়াও কার্যক্রমের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
মঙ্গলবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
প্রেস সচিব বলেন, ‘এই ফ্যাসিবাদী রাজনৈতিক দলটি দেশে জ্বালাও-পোড়াও চালিয়ে প্রমাণ করছে যে তাদের মূল উদ্দেশ্যই সন্ত্রাসী কর্মকাণ্ড। তবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না।’
শফিকুল আলম আরও বলেন, ‘রাজনৈতিক দল থাকলে মতভেদ থাকবেই। আমরা এটাকে খুব গুরুতর কিছু মনে করছি না। যারা রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা করেছেন, তারা গত নয় মাস ধরে অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইতিহাসের বৃহত্তম আলোচনা করেছেন। আমরা আশা করছি তাদের মধ্যে কিছু কিছু বিষয়ে যে মতবিরোধ আছে, তা কিছু সময়ের মধ্যেই দূর হয়ে ঐক্য প্রতিষ্ঠিত হবে। সবাই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে বিএনপি ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং জামায়াতে ইসলামীও তাদের মতো করে প্রার্থী দিচ্ছে। মতপার্থক্য থাকলেও একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক নির্বাচন সবাই চাচ্ছেন।’
কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





