বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা, আহত ৩

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা, আহত ৩
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যাতে উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কাজ না দেওয়ার অভিযোগ তুলে একদল লোক অফিসে হামলা চালায় এবং ভাঙচুর করে। এ সময় নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর ও অকথ্য ভাষায় গালাগাল করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত জানান, নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীদের নিয়ে তারা অফিসে গিয়েছিলেন। সেখানে নির্বাচন কর্মকর্তা দুর্ব্যবহার করেন এবং তাদের কথা বলার সুযোগ না দিয়ে অফিসে থাকা ব্যক্তিদের ভিডিও করতে নির্দেশ দেন। লিয়াকত আরও বলেন, নির্বাচন কর্মকর্তা সাধারণ জনগণকে হয়রানি করেন, তাই তারা বিষয়টি নিয়ে কথা বলতে গিয়েছিলেন, কিন্তু তিনি রাগান্বিত হয়ে যান।

টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেছেন, সরকারি অফিস ভাঙচুর এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সরকারি অফিসে ভাঙচুরের প্রমাণ পেয়েছেন। তিনি বলেন, নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানানো যেত। এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন:

channel muskan ads