পুরান ঢাকার কসাইটুলীতে ভূমিকম্প চলাকালে ভবনের রেলিং ধসে নিহত বাবা আব্দুর রহিম ও ছেলে আব্দুল আজিজ রিমনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে বাবা-ছেলেকে সমাহিত করা হয়।
একই পরিবারের দুজনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। তাদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুর রহিম শুক্রবার সকালে হাফেজ ছেলে রিমনকে নিয়ে মাংস কিনতে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ভূমিকম্পের ঝাঁকুনিতে একটি ভবনের ওপর থেকে রেলিং খসে তাদের মাথায় পড়ে। এতে ঘটনাস্থলে বাবা এবং হাসপাতালে নেওয়ার পর ছেলের মৃত্যু হয়।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।





