ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারিকে জামায়াতে ইসলামীর মনোনয়ন দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ‘গুঞ্জন’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে দলটি। বুধবার (১৯ নভেম্বর) এক বিবৃতির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত নিশ্চিত করেছে যে, তাদের পূর্বঘোষিত কোনো আসনেই প্রার্থী পরিবর্তন করা হয়নি।
বুধবার দুপুরের পর থেকেই ফেসবুকে চাউর হয় যে, ঢাকা-৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে ড. আজহারিকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে অনেকেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।
তবে এই বিভ্রান্তি দূর করতে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়, ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনেই প্রার্থী পরিবর্তন করা হয়নি। অর্থাৎ ঢাকা-৫ আসনে মোহাম্মদ কামাল হোসেনই প্রার্থী হিসেবে বহাল রয়েছেন।
বিবৃতিতে ঢাকা দক্ষিণের অন্যান্য আসনের প্রার্থীদের তালিকাও পুনরায় উল্লেখ করা হয়:
ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন
ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন
ঢাকা-৬: ড. মো. আব্দুল মান্নান
ঢাকা-৭: হাফেজ এনায়েতুল্লাহ
ঢাকা-৮: ড. মো. হেলাল উদ্দিন
ঢাকা-৯: কবির আহমদ
ঢাকা-১০: মো. জসিম উদ্দিন সরকার
এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, ‘মিজানুর রহমান আজহারির মনোনয়নের বিষয়টি নিছক গুজব। এমন কোনো সম্ভাবনা নেই।’ তিনি যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ভুয়া খবর বিশ্বাস না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।





