আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরান ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াতে শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এরই ধারাবাহিকতায় ঢাকা-৭ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও চকবাজার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী শহিদুল ইসলাম বাবুলের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তার কর্মী ও সমর্থকরা।
সম্প্রতি নির্বাচনী এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় এই গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এ সময় হাজী শহিদুল ইসলাম বাবুলের হাজারো সমর্থক মিছিল সহকারে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
প্রচারণাকালে সমর্থকরা জানান, হাজী শহিদুল ইসলাম বাবুল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও সমাজসেবক। ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর থাকাকালীন তিনি এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। এছাড়া চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলের দুঃসময়ে রাজপথে থেকেছেন এবং তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করেছেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দাবি করেন, ঢাকা-৭ আসনে হাজী শহিদুল ইসলাম বাবুল একজন জনপ্রিয় মুখ। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং এলাকাবাসীর সাথে তার নিবিড় সম্পর্কের কারণে তাকে ধানের শীষের মনোনয়ন দিলে এই আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে।
এ সময় হাজী বাবুলকে এমপি হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন। এলাকার সাধারণ ভোটারদের মাঝেও সাবেক এই কাউন্সিলরকে নিয়ে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।





