বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৫৭ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরার পথে সরকারের তরফ থেকে কোনো বিধি-নিষেধ নেই।
তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে জানিয়েছিলেন, তার দেশে ফেরার পরিবেশ বা সুযোগ এখনো পুরোপুরি তার একক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে না। এই মন্তব্যের সূত্র ধরে সরকারের মনোভাব জানতে চাওয়া হলে প্রেস সচিব স্পষ্ট করেন যে, সরকার এ বিষয়ে কোনো প্রতিবন্ধকতা রাখেনি।
একই স্ট্যাটাসে শফিকুল আলম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়েও আলোকপাত করেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম জিয়ার অসুস্থতা নিয়ে বিচলিত এবং তিনি ইতোমধ্যেই দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন।





