শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম জনস্বার্থে এই রিটটি করেন।

রিট আবেদনে নির্বাচনের প্রশাসনিক কাঠামো নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে বলা হয়েছে, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) যথাক্রমে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া কেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। পাশাপাশি, এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের সব ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম স্থগিত রাখার আবেদন করা হয়েছে।

রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনের অন্যান্য সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানিয়েছেন, আগামী সপ্তাহে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন নির্বাচনের জোর প্রস্তুতি চালাচ্ছে। গত ২৯ নভেম্বর সিইসি এ এম এম নাসির উদ্দীন জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। তিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদিকে, বুধবার এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, গত ১৫ বছরে দেশের নির্বাচনী ব্যবস্থা নাজুক হয়ে পড়েছিল। এই সংকট কাটাতে তিনি স্বচ্ছতার ওপর জোর দেন এবং বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। তিনি নির্বাচনের দিন সাংবাদিকদের অবাধ তথ্য সংগ্রহের সুযোগ নিশ্চিত করার আশ্বাস দেন।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, কমিশন বর্তমানে নির্বাচনের কর্মযজ্ঞ নিয়ে ব্যস্ত সময় পার করছে। ‘শতাব্দীর সেরা নির্বাচন’ আয়োজন করাই বর্তমান কমিশনের মূল লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন:

channel muskan ads