ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিং এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি লেগুনা। রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী ও আগুনের ধরন দেখে মনে হয়েছে, এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। আগুনে ডাম্পিং করে রাখা একটি লেগুনা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
একজন প্রত্যক্ষদর্শী নারী জানান, তিনি থানায় আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে দুজন ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন। রাতের অন্ধকারে তাদের চিহ্নিত করা সম্ভব হয়নি।
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও কালবেলাকে জানান, আবর্জনার স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।





