সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। একই সঙ্গে সারাদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালিত হচ্ছে।
শিক্ষক নেতারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে। প্রয়োজনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে সব শিক্ষক ঢাকায় চলে আসবেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা যায়, শিক্ষকরা রোদের মধ্যে গাছের ছায়ায় মাদুর বিছিয়ে বসে আছেন। শিক্ষক নেতারা শহীদ মিনারের বেদিতে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং দেশাত্মবোধক গান ও দাবি আদায়ের কবিতা মাইকে পরিবেশন করা হচ্ছে।
গতকাল রোববার সন্ধ্যায় সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষকদের একটি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত শিক্ষক নেতারা জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেতন গ্রেড বৃদ্ধির বিষয়ে কাজ করার কথা বলা হয়েছে এবং এ জন্য সময় চাওয়া হয়। আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানানো হলেও শিক্ষকরা তা মানেননি।
যদিও আলোচনার সুবিধার্থে প্রথমে বিদ্যালয়ে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল, তবে সাধারণ শিক্ষকরা তাতে আপত্তি জানিয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন।
সোমবার বিকালে অর্থ বিভাগের সচিবের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পর শিক্ষকেরা পরবর্তী পদক্ষেপ জানাবেন।





