শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদ ইব্রাহিমের আত্মীয়ের সঙ্গে নাম জড়াল নোরা ও শ্রদ্ধার, কড়া জবাব দিলেন অভিনেত্রী

দাউদ ইব্রাহিমের আত্মীয়ের সঙ্গে নাম জড়াল নোরা ও শ্রদ্ধার, কড়া জবাব দিলেন অভিনেত্রী
ছবি : সংগৃহীত

বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সংযোগের গুঞ্জন নতুন কোনো ঘটনা নয়। কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে অতীতেও বহু ভারতীয় তারকার নাম জড়িয়েছে। এবার সেই বিতর্কিত তালিকায় নতুন করে উঠে এল বলিউড সেনসেশন নোরা ফাতেহি ও অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের নাম।

মাদক পাচার ও সরবরাহের অভিযোগে সম্প্রতি মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার (অ্যান্টিনারকোটিকস সেল) হাতে গ্রেপ্তার হয়েছেন মুহাম্মদ সেলিম মুহাম্মদ সুহাইল শাইখ, যিনি মাদকচক্রে ‘ল্যাভিশ’ নামে অধিক পরিচিত। পুলিশি জেরায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই অভিযুক্ত। তদন্তকারীদের তিনি জানান, ভারত ও বিদেশের মাটিতে তিনি মাদকের আসর বা পার্টির আয়োজন করতেন। আর এসব পার্টিতে অন্যান্য তারকাদের পাশাপাশি নিয়মিত উপস্থিত থাকতেন দাউদ ইব্রাহিমের ভাতিজা গ্যাংস্টার আলী শাহ পারকার।

পুলিশের রিমান্ড কপিতে দাবি করা হয়েছে, অভিযুক্ত ‘ল্যাভিশ’ দেশ-বিদেশে এসব পার্টির আয়োজন ও মাদক সরবরাহের মূল হোতা। তার দেওয়া তথ্যমতে, অতীতে আলী শাহ পারকার ছাড়াও নোরা ফাতেহি, শ্রদ্ধা কাপুর, শ্রদ্ধার ভাই সিদ্ধান্ত কাপুর, জিশান সিদ্দিকী, আব্বাস-মাস্তানের মতো ব্যক্তিত্বরা এসব পার্টিতে অংশ নিয়েছেন।

এই খবর প্রকাশ্যে আসার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহিকে নিয়ে চলছে জোর চর্চা। এমন পরিস্থিতিতে আর চুপ থাকতে পারেননি নোরা ফাতেহি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ এক বিবৃতির মাধ্যমে তিনি এই অভিযোগের কড়া জবাব দিয়েছেন।

অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন দাবি করে নোরা লিখেছেন, “আমি পার্টিতে যাওয়ার মতো মানুষ নই…। কাজের প্রয়োজনে আমাকে সবসময় বিমানেই থাকতে হয়। আমি একজন কাজপাগল মানুষ, আমার ব্যক্তিগত জীবন বলতে প্রায় কিছুই নেই। আমি ওই ধরনের অসৎ সঙ্গের সঙ্গে মিশি না। ছুটির দিনগুলোতে আমি দুবাইয়ের কোনো সৈকতে অথবা আমার স্কুলজীবনের বন্ধুদের সঙ্গেই সময় কাটাই।”

গণমাধ্যমে প্রচারিত এসব খবর বিশ্বাস না করার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, “নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য আমি দিন-রাত পরিশ্রম করছি। আপনারা যা পড়ছেন বা শুনছেন, তা অন্ধভাবে বিশ্বাস করবেন না। মনে হচ্ছে, আমার নাম ব্যবহার করাটা এখন খুব সস্তা হয়ে গেছে। কিন্তু এবার আমি তা হতে দেব না। আগেও আমাকে মিথ্যে অপবাদ দিয়ে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা সফল হয়নি।”

নিজের সম্মানহানির চেষ্টাকারীদের হুঁশিয়ারি দিয়ে নোরা বলেন, “সবাই আমার নাম কালিমালিপ্ত করতে চাইছে। আমাকে ‘ক্লিকবাইট’ হিসেবে ব্যবহার করে আমার সুনাম নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা চলছে, যা আমি এতদিন চুপচাপ দেখেছি। কিন্তু এখন আমি অনুরোধ করছি, আমার নাম ও ছবি এ ধরনের মিথ্যাচারের সঙ্গে জড়ানো থেকে বিরত থাকুন। সম্মানের সঙ্গেই বলছি, এর জন্য কিন্তু চড়া মূল্য দিতে হবে!”

মরোক্কান-কানাডিয়ান বংশোদ্ভূত নোরা ফাতেহি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মূলত তার দুর্দান্ত নাচের জাদুতে। ‘দিলবার’, ‘কোমরিয়া’, ‘ও সাকি সাকি’, এবং ‘গারমি’-র মতো জনপ্রিয় গানে পারফর্ম করে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

মন্তব্য করুন:

channel muskan ads