দেশের বাজারে সোনা ও রুপার দাম প্রায়শই ওঠানামা করে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, সোনার দাম বাড়ানো হয়েছে এবং আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সর্বশেষ সমন্বয়কৃত দামেই মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১ নভেম্বর রাতে একটি বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। ওই দিন প্রতি ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়ানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনা ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাজুস আরও জানিয়েছে যে, সোনার বিক্রয়মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন এবং মানভেদে মজুরিতে ভিন্নতা থাকতে পারে।
চলতি বছর এ পর্যন্ত মোট ৭৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫০ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৩ বার কমেছে। অন্যদিকে, ২০২৪ সালে ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।
সোনার দাম বাড়ানো হলেও সর্বশেষ সমন্বয়ে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা পূর্বনির্ধারিত ৪ হাজার ২৪৬ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়াও, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
চলতি বছর এ পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে। গত বছর ৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।





