শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ধানমন্ডিতে ‘জুলাই যোদ্ধাদের’ সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ধানমন্ডিতে 'জুলাই যোদ্ধাদের' সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

ঢাকা: জুলাই যোদ্ধা পরিচয়ে একদল বিক্ষোভকারী আজ শুক্রবার দুপুরে ধানমন্ডি এলাকার মিরপুর সড়ক অবরোধ করে। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, জনদুর্ভোগ চরমে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার পর ‘জুলাই যোদ্ধারা’ ধানমন্ডি-২৭-এর রাপা প্লাজার সামনে জড়ো হয়ে মিরপুর সড়ক অবরোধ করে। এর আগে তাদের জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় বলে জানা যায়।

সড়ক অবরোধকালে বিক্ষোভকারীদের হাতে লাঠি দেখা যায়। তারা কেবল অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে যেতে দিলেও অন্যান্য সকল যানবাহন থামিয়ে দেয়। এ সময় রাপা প্লাজার কাছে এক পথচারী বিক্ষোভকারীদের ভিডিও ধারণ করতে গেলে তারা তার ফোন কেড়ে নিয়ে ফুটেজ মুছে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অ্যাকশনে যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ টিয়ারশেল ছোড়ে। টিয়ারশেলের মুখে বিক্ষোভকারীরা আশপাশের গলিতে অবস্থান নেয় এবং পুলিশ শুক্রাবাদ মোড়ে অবস্থান গ্রহণ করে।

নাম প্রকাশ না করার শর্তে এক বিক্ষোভকারী দাবি করেন, তারা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কিন্তু পুলিশ অতর্কিতভাবে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়, যার প্রতিবাদে তারা ধানমন্ডিতে সড়ক অবরোধ করেন।

এই অবরোধের ফলে মিরপুর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

মন্তব্য করুন:

channel muskan ads