সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিনে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আবারও দুটি বুলডোজার নিয়ে একদল যুবককে দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ওই দলকে ‘রাজাকার বাহিনী’ বলে আখ্যা দিয়েছেন।
সোমবার দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরের দিকে দুটি বুলডোজার নিয়ে আসার সময় ট্রাকের ওপর থাকা কয়েকজন তরুণ হাতে মাইক নিয়ে স্লোগান দিচ্ছিলেন। তারা নিজেদের ‘রেড জুলাই’ নামক একটি সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মেহের আফরোজ শাওন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ শেয়ার করে লিখেছেন, “মনের ভয়ই আসল ভয়। বারবার ভাঙা, আগুন দেওয়ার পরও তোদের ভয় যায়নি। ধানমন্ডি ৩২-এর এই ভাঙা বাড়ির প্রতিটি ধূলিকণা বাংলাদেশের আকাশে মিশে আছে। একে কীভাবে অস্বীকার করবে, রাজাকার বাহিনী!”
উল্লেখ্য, এর আগেও ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। গত বছরের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকাকালীন এই বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া, গত বছরের ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির সময় বাড়িটি ভাঙা হয়েছিল। সে সময় প্রায় তিন হাজার মানুষের ভিড়ে রাত পৌনে ১১টার দিকে ক্রেন ও এক্সক্যাভেটর দিয়ে বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়। মাঝে বিরতি দিয়ে আরও একটি এক্সক্যাভেটর যোগ দেয় ভাঙার কাজে। মধ্যরাতে সেনাবাহিনী কিছুক্ষণের জন্য ঘটনাস্থলে অবস্থান নিলেও স্থানীয় জনগণ তাদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকে এবং পরে সেনাবাহিনী চলে যায়। সেই রাতে ভাঙা বাড়ির সামনে গান-বাজনা ও নাচের দৃশ্যও দেখা যায়। বর্তমানে ভাঙা বাড়িটি কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।





