বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পরীক্ষামূলক মনোরেল দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত, আহত ৩

পরীক্ষামূলক মনোরেল দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত, আহত ৩
মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে পরীক্ষামূলক মনোরেল দুর্ঘটনায় মারাত্মক ক্ষতি, আহত ৩ কর্মী । ছবি: সংগৃহীত

মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে পরীক্ষামূলক চলাচলের সময় একটি নতুন মনোরেল ট্রেনের খালি কোচ দুর্ঘটনায় পড়েছে। বুধবার সকালে ঘটা এই ঘটনায় কোচটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রেনের ক্যাপ্টেনসহ তিন কর্মী আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের ওয়াডালা ডিপোতে পরীক্ষামূলক চালনার সময় একটি নতুন মনোরেল ট্রেনের খালি কোচ লাইনচ্যুত হয়ে একটি বিমে ধাক্কা দেয়। ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না। মনোরেল পরিচালনাকারী সংস্থা মহা মুম্বাই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড (এমএমএমওসিএল) প্রাথমিকভাবে এটিকে ‘সামান্য ঘটনা’ দাবি করে এবং জানায় যে কেউ আহত হয়নি। তবে বেসরকারি সূত্রে জানা গেছে, তিন কর্মীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরীক্ষামূলক চালনার অংশ হিসেবে একটি সাদা রঙের মনোরেল রেক ওয়াডালা ডিপোর বাইরে ট্র্যাক ক্রসওভার পয়েন্ট দিয়ে যাচ্ছিল। কোচটি বিমে আঘাত হানলে এর সামনের অংশ উপরে উঠে যায় এবং পেছনের অংশ ঝুঁকে পড়ে। পরে ভারী ক্রেনের সাহায্যে কোচটি ট্র্যাক থেকে সরানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম কোচটির নিচের গিয়ার, কাপলিং, বগি ও চাকায় থাকা কভারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনের ক্যাপ্টেন, এক প্রকৌশলী ও আরেক কর্মীসহ মোট ছয়জন ট্রেনে ছিলেন।

আহতদের পরিচয় প্রকাশ করা হয়েছে: সোয়েল প্যাটেল (২৭), বুধাজি পারাব (২৬) এবং ভি জগদীশ (২৮)। তারা অভ্যন্তরীণ আঘাত এবং হাত ও মাথায় চোট পেয়েছেন। দুর্ঘটনার পর তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়।

এনডিটিভি জানিয়েছে, ট্রেনটি সকাল ৮টা ৩০ মিনিটে ওয়াডালা ডিপো থেকে রুট পরিদর্শনের জন্য বের হয়েছিল এবং সন্ত গাডগে মহারাজ চৌক পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কয়েক সেকেন্ড পরেই গাইড বিম সুইচ হঠাৎ ডিপো লাইনের দিকে ঘুরে যায়, যার ফলে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং বিমে আঘাত করে।

পরিবহন বিশ্লেষক এ ভি শেনয় বলেন, নতুন মনোরেল ট্রেনগুলোতে কমিউনিকেশন-বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা কোনো যান্ত্রিক ত্রুটি হলে ট্রেনকে স্বয়ংক্রিয়ভাবে থামানোর কথা। তিনি আরও উল্লেখ করেন যে, যেহেতু ভবিষ্যতে চালকবিহীন মনোরেল চালানোর পরিকল্পনা রয়েছে, তাই নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন।

এমএমএমওসিএল জানিয়েছে, পরীক্ষামূলক চলাচল সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশে এবং নিরাপত্তা বিধি মেনে পরিচালিত হচ্ছিল এবং এ ধরনের পরিস্থিতি নিয়মিত পরীক্ষার অংশ হিসেবেই বিবেচিত হয়।

মন্তব্য করুন:

channel muskan ads