শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, দোহায় শান্তি আলোচনা শুরু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি, দোহায় শান্তি আলোচনা শুরু

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। একই সাথে, কাতারের দোহায় দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে শান্তি সংলাপ আজ (শনিবার, ১৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। এই সংলাপ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জিও নিউজ জানিয়েছে।

গত ৯ অক্টোবর কাবুলে পাকিস্তানের সেনাবাহিনীর বিমান হামলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদ এবং দ্বিতীয় শীর্ষ নেতা ক্বারি সাইফুল্লাহ মেহসুদসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা নিহত হন।

এর দুই দিন পর, ১১ অক্টোবর খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তানি সেনা চৌকি লক্ষ্য করে আফগান সেনাবাহিনী হামলা চালায়। পাকিস্তানও এর পাল্টা জবাব দেয়, যা ১৪ অক্টোবর পর্যন্ত চলে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই সংঘাতে দুই শতাধিক তালেবান যোদ্ধা এবং ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

চার দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ১৫ অক্টোবর উভয় পক্ষ ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা গতকাল শুক্রবার দুপুর ১টায় শেষ হয়। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের কান্দাহার ও পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত এবং দেড় শতাধিক আহত হন।

এরপর রাতে কাবুল ও ইসলামাবাদ যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়, যার উদ্দেশ্য হলো শান্তি আলোচনা এগিয়ে নেওয়া।

প্রাথমিকভাবে রয়টার্স জানিয়েছিল যে, পাকিস্তানের সরকারি প্রতিনিধি দল ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন এবং আফগান প্রতিনিধিরা আজ শনিবার সেখানে যাবেন। তবে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে যে, পাকিস্তানি প্রতিনিধিরা এখনও দোহায় পৌঁছাননি এবং তারা আজ দোহার উদ্দেশে রওনা হবেন।

এই শান্তি আলোচনার মাধ্যমে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা প্রশমিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন:

channel muskan ads