ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়েছে। সম্প্রতি, ‘মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী’—এই শিরোনামে শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এর একটি বক্তব্য দাবি করে একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
ঘটনার সত্যতা উন্মোচন
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়িয়ে প্রচারিত এই ভিডিওর বক্তব্যটি সায়মা ওয়াজেদ পুতুল দেননি। প্রকৃতপক্ষে, এটি ডিপফেক প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভুয়া ভিডিও।
অনুসন্ধানে দেখা যায়, BD Doctor’s Talk নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২৬ জুলাই প্রকাশিত একটি ভিডিওর দৃশ্যের সঙ্গে ভাইরাল ভিডিওটির সাদৃশ্য রয়েছে। ভিডিওটিতে সায়মা ওয়াজেদ পুতুলের পোশাক, অনুষঙ্গ, তার পেছনের ব্যানার এবং কথা বলার ধরন সবই একই রকম।
এছাড়াও, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বায়ান্ন টিভির ইউটিউব চ্যানেলে ‘পরিবার থেকেই পরিবর্তন আনতে হবে: পুতুল’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওটির মিল রয়েছে। ওই ভিডিওতে সায়মা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক ও সচেতনতা নিয়ে কথা বলেছিলেন। তার সেই বক্তব্যে ‘মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী। তারা সবসময় মাকে ভুল পথে পরিচালিত করেছে। আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা। পুরো দলটাই আজ শেষ হবার পথে’—এমন কোনো মন্তব্য ছিল না।
বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২২ সালের ২৮ ডিসেম্বর ‘মানসিক স্বাস্থ্যের উন্নয়নে পরিবার থেকেই পরিবর্তন আনতে হবে: সায়মা ওয়াজেদ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ধরনের তথ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনা ২০২০-৩০ এর অবহিতকরণ অনুষ্ঠানে পুতুল কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দিয়েছিলেন। সেখানেও তার বক্তব্যে বিতর্কিত কোনো মন্তব্যের উল্লেখ ছিল না।
এআই প্রযুক্তির ব্যবহার
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘DeepFake-O-Meter’ এর ‘AVSRDD (2025)’ মডেল ব্যবহার করা হয়। পরীক্ষায় দেখা গেছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা শতভাগ।
উপসংহার
সুতরাং, বিশ্ব মানসিক স্বাস্থ্য রিপোর্ট ও জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল পরিকল্পনা অনুষ্ঠানে সায়মা ওয়াজেদ পুতুলের বক্তব্যের ভিডিও ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বিতর্কিত বক্তব্যসহ এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
সূত্র : যুগান্তর





