শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

পুরান ঢাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী খুন । ছবি: চ্যানেল মুসকান

সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক: পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে গুলিতে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা গেছে। তারিক সাঈফ মামুন (৫০) নামের এই ব্যক্তি একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন।

জানা গেছে, চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন নিহত মামুন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মামুনকে লক্ষ্য করে একদল সন্ত্রাসী এলোপাতাড়ি গুলি চালায়। সেই গুলি মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায় লেগেছিল, যার ফলে ২৫ সেপ্টেম্বর ধানমন্ডির পপুলার হাসপাতালে তিনি মারা যান।

ওই ঘটনার পর পুলিশ জানিয়েছিল, কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ওরফে ইমনের অনুসারীরাই মামুনকে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিল। কয়েক মাস আগে শীর্ষ সন্ত্রাসী মামুন জামিনে মুক্তি পান।

একসময় ধানমন্ডি, মোহাম্মদপুর ও তেজগাঁও এলাকায় সানজিদুল ইসলাম ইমন ও তারিক সাঈফ মামুন ছিলেন ত্রাস। তাদের গড়ে তোলা বাহিনী ‘ইমন-মামুন’ নামে পরিচিত ছিল। তারা দুজনই চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারিক সাঈফ মামুনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করেছে। নিহতের কাছ থেকে পরিচয়পত্র পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তথ্যে পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম তারিক সাইফ মামুন এবং তার বাড়ি লক্ষ্মীপুরে।

মামুনের পরিবার জানিয়েছে, তিনি গত দুই বছর ধরে রাজধানীর বাড্ডার ভাড়া বাসায় থাকতেন। আজ সকালে একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার কথা থাকায় তিনি বাসা থেকে বের হয়েছিলেন।

মামুনের স্ত্রী বিলকিস আক্তার গণমাধ্যমকে বলেন, তারা ধারণা করছেন, শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের লোকজনই এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত। এর আগেও ইমনের লোকজন মামুনকে হত্যার চেষ্টা করেছিল।

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, ‘নিহত ব্যক্তি ইমন গ্রুপের শীর্ষ সন্ত্রাসী মামুন। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি ছিলেন। এর আগেও ২০২৩ সালে জামিনে মুক্তি পাওয়ার পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তখন দুর্বৃত্তদের গুলিতে ভুবন চন্দ্র শীল নামে এক পথচারী মারা যান। আমরা বিষয়টি তদন্ত করছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াসিন বলেন, ‘গুলির শব্দ শুনে ন্যাশনাল হাসপাতালের সামনে এসে দেখি একজন অজ্ঞাত ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। তাকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে।’


মন্তব্য করুন:

channel muskan ads