শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুলিশের সংবাদ সম্মেলন: ‘এক মাস ধরে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির’

পুলিশের সংবাদ সম্মেলন: 'এক মাস ধরে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির'
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইনকে হত্যার জন্য মাসখানেক আগেই বিস্তারিত পরিকল্পনা করে তার ছাত্রী বর্ষা এবং বর্ষার দীর্ঘদিনের প্রেমিক মাহির রহমান। গত ২৫ সেপ্টেম্বর থেকেই এই পরিকল্পনার সূত্রপাত বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

ওসি রফিকুল ইসলাম বলেন, হত্যার দিন মাহিরের সঙ্গে তার আরও দুই বন্ধু ছিল। জোবায়েদকে খুন করার উদ্দেশ্যে তারা দুটি নতুন সুইচ গিয়ার ছুরি কেনে। মাহির এলোপাতাড়ি ছুরি চালিয়ে জোবায়েদকে হত্যা করে, আর এই হত্যার নির্দেশদাতা ছিল বর্ষা।

তিনি আরও উল্লেখ করেন, এই হত্যাকাণ্ড পুরোপুরি বর্ষা ও মাহিরের পূর্বপরিকল্পিত। বর্ষার সঙ্গে মাহিরের নয় বছরের দীর্ঘ সম্পর্ক থাকলেও, টিউশনির সূত্রে বর্ষা জোবায়েদের প্রতি দুর্বল হয়ে পড়েন। একপর্যায়ে বর্ষা মাহিরকে জানিয়ে দেন যে তিনি জোবায়েদকে পছন্দ করেন এবং মাহিরের সঙ্গে সম্পর্ক রাখতে চান না। কিন্তু কিছুদিন পরই বর্ষা তার প্রেমিক মাহিরকে জানান যে, এখন আর জোবায়েদকে ভালো লাগে না। এরপরই বর্ষা ও মাহির মিলে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে।

ওসি জানান, প্রাথমিকভাবে বর্ষা হত্যার পরিকল্পনার কথা অস্বীকার করলেও, পরে মাহির ও বর্ষাকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হলে তারা সত্য কথা স্বীকার করে। গত ২৫ সেপ্টেম্বর থেকেই তারা জোবায়েদকে কীভাবে সরিয়ে দেওয়া যায়, তা নিয়ে পরিকল্পনা শুরু করে। এখন পর্যন্ত বর্ষাসহ মোট চারজনকে আটক করা হয়েছে এবং তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

নিহত জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি ছিলেন। গত এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানিটোলায় বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন। গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে বর্ষার বাসার তিনতলায় ওঠার সময় সিঁড়িতে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বাসার নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ পাওয়া যায় এবং তাকে তিনতলার সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়।

মন্তব্য করুন:

channel muskan ads