ঢাকা: রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর পর আজ দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এতে বহু যাত্রী দুর্ভোগে পড়েন। তবে, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল ইতোমধ্যে শুরু হয়েছে। মতিঝিল অংশে চলাচল স্বাভাবিক হতে আরও কিছু সময় লাগবে।
আজ দুপুরে ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে আবুল কালাম নামের এক যুবকের মৃত্যু হয়। তাঁর মরদেহ বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজে কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকার কথা জানায় এবং যাত্রীদের ধৈর্য ধারণের অনুরোধ করে দুঃখ প্রকাশ করে।
সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান বেলা তিনটার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, “মেট্রোরেলের আগারগাঁও থেকে উত্তরা অংশে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে। বাকি অংশ চালু করতে একটু সময় লাগবে। কারণ, ক্রেন আসতে হবে। আবার দুর্ঘটনা যাতে না ঘটে, সে জন্য মেরামতের পর পরীক্ষা করতে হবে।”
ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, কারিগরি ত্রুটি মেরামতের চেষ্টা চলছে। মেট্রোরেল লাইনের নিচে উড়ালপথের পিলারের সঙ্গে রাবারের বিয়ারিং প্যাড থাকে, যার প্রতিটির ওজন প্রায় ১৪০ বা ১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথ দেবে যাওয়া কিংবা স্থানচ্যুত হওয়ার আশঙ্কা থাকে। এ জন্যই মেট্রোরেলের চলাচল বন্ধ রাখা হয়েছে।
২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফার্মগেটে মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল, যার কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ১১ ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। মেট্রোরেল পরিচালনায় যুক্ত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগেরবার ১১ ঘণ্টা লেগেছিল সচল হতে, এবার কত সময় লাগবে তা বলা যাচ্ছে না।
২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয় এবং এটি দ্রুত রাজধানীর গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় গণপরিবহনে পরিণত হয়েছে। উদ্বোধনের পর থেকে গত জুন পর্যন্ত ১৫ কোটি ৭৫ লাখের বেশি যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন। আজ দুপুরে চলাচল বন্ধের পর কারওয়ান বাজারসহ বিভিন্ন মেট্রোস্টেশন থেকে যাত্রীদের ফিরে যেতে দেখা যায়। কারওয়ান বাজার মেট্রোস্টেশনে অর্ধশতাধিক যাত্রী ভিড় করে কখন মেট্রোরেল চালু হবে জানতে চাইলেও আনসার ও পুলিশ সদস্যরা স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। একজন আনসার সদস্য যাত্রীদের উদ্দেশে বলছিলেন, “আজকে মেট্রোরেল চালু হবে না। আপনারা অপেক্ষা না করে চলে যান।”





