বুধবার ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: পশ্চিমতীর অধিগ্রহণ যুক্তরাষ্ট্র সমর্থন করবে না

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি: পশ্চিমতীর অধিগ্রহণ যুক্তরাষ্ট্র সমর্থন করবে না
ছবি: সংগৃহীত

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণের কোনো উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। এমন কাজ করলে ইসরায়েলকে গুরুতর ক্ষতির মুখে পড়তে হবে বলেও তিনি সতর্ক করেছেন।

টাইম ম্যাগাজিনে ট্রাম্পের দেওয়া এক সাক্ষাৎকারের ভিত্তিতে বৃহস্পতিবার এনবিসি নিউজ ও দ্য টাইমস অব ইসরায়েল এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিমতীর অধিগ্রহণের উদ্যোগ নিচ্ছে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, “এটি হবে না কারণ আমি আরব দেশগুলোকে কথা দিয়েছি। আমাদের প্রতি আরবদের অনেক সমর্থন রয়েছে। ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারবে না কারণ আমি আরবদের কথা দিয়েছি। যদি ইসরায়েল এমন কিছু করে থাকে, তাহলে তারা যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে।”

ইসরায়েলি সরকারের উগ্রপন্থী এমপি-মন্ত্রীরা যখন পুরো পশ্চিমতীর অধিগ্রহণের জন্য চাপ দিচ্ছেন এবং এই বিষয়ে জনমত গঠনে প্রচার চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য এলো।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান যে, তিনি গাজা উপত্যকা পরিদর্শনের পরিকল্পনা করছেন, যদিও তিনি এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি।

পশ্চিমতীর নিয়ে ট্রাম্পের এই হুঁশিয়ারি এবারই প্রথম নয়। গত সেপ্টেম্বরেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থী নেতা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনাকে ধূলিসাৎ করে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে সেখানে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আসছেন। তাদের এই আহ্বান আগেই নাকচ করে দিয়েছিলেন ট্রাম্প।

ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশে বলেছিলেন, “আমি পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত করতে দেব না, কোনোভাবেই না। এটা হবে না।” তিনি আরও বলেন, “যথেষ্ট হয়েছে। এবার থামতে হবে।”

মন্তব্য করুন:

channel muskan ads