শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে আসছে ঘূর্ণিঝড় ‘মন্থা’, উপকূলীয় অঞ্চলে সতর্কতা

বঙ্গোপসাগরে আসছে ঘূর্ণিঝড় 'মন্থা', উপকূলীয় অঞ্চলে সতর্কতা
ফাইল ছবি

মৌসুমের একেবারে শেষলগ্নে এসে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) পূর্বাভাস দিয়েছে যে, আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। শুক্রবার আইএমডি জানায়, সাগরে ইতোমধ্যে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা আগামী ২৬ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে এবং ২৭ অক্টোবর ঘূর্ণিঝড় ‘মন্থা’য় রূপ নিতে পারে।

ভারতীয় আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর যদি এটি সরাসরি উপকূলের দিকে অগ্রসর হয়, তাহলে মূলত তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে।

এদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা কাজী জেবুন্নেসা জানিয়েছেন, গত ২৪ অক্টোবর সকাল ৬টার দিকে নিম্নচাপটি তৈরি হয়েছে। এটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। তবে, আপাতত বাংলাদেশে সরাসরি আঘাত হানার কোনো শঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন, যদিও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতে শুক্রবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর একটি বিশেষ আবহাওয়া বুলেটিন প্রকাশ করেছে। এতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে না যেতে জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।

থাই ভাষায় ‘মন্থা’ শব্দের অর্থ ‘সুন্দর ফুল’। ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নামকরণের নিয়ম অনুযায়ী, এবার থাইল্যান্ডকে এই নামকরণের দায়িত্ব দেওয়া হয়েছে।

উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বিশ্ব আবহাওয়া সংস্থার প্যানেলে মোট ১৩টি দেশ রয়েছে, যারা পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ের নামকরণ করে। এই দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

মন্তব্য করুন:

channel muskan ads