কার্তিক মাস শুরু হওয়ার পর থেকে সারা দেশে বৃষ্টিপাত কমে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যা বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, এই সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের কিছু অংশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ কালবেলাকে জানান, সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে কি না, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, যেহেতু এখন বর্ষাকাল শেষ হয়েছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিদ্যমান।
নিম্নচাপটি তৈরি হলে এটি কোন দিকে অগ্রসর হতে পারে, সে সম্পর্কে আজ বুধবার বিস্তারিত জানা যাবে। এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই অঞ্চলে অবস্থান করছে।
সর্বশেষ ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে—আজ চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।





