বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর স্পিন আক্রমণের শক্তি বাড়াতে স্কোয়াডে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের নাসুম আহমেদকে দলে অন্তর্ভুক্ত করার পর এবার একই পথে হেঁটেছে ক্যারিবীয়রা, স্পিনসহায়ক উইকেটের সর্বোচ্চ ফায়দা নিতে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেনকে দলে যুক্ত করেছে তারা।
জানা গেছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মাঝপথেই স্কোয়াডে এই পরিবর্তন আনা হচ্ছে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে সফরকারীরা তাদের স্পিন আক্রমণে শক্তি বাড়াচ্ছে। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ দলে তিন স্পিনার গুডাকেশ মোটি, খারি পিয়েরে ও রস্টন চেজ ছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেন।
দলীয় সূত্র থেকে জানা যায়, ৩২ বছর বয়সী আকিল রোববার (২১ অক্টোবর) রাতেই ঢাকায় দলের সঙ্গে যোগ দেবেন। এছাড়াও, প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি পেসার রেমন সিমন্ডস। ২৪ বছর বয়সী এই পেসার এর আগে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন।
সিরিজের প্রথম ম্যাচে ধীরগতির ও টার্নিং উইকেটে উভয় দলের স্পিনাররাই ছিলেন ম্যাচের প্রধান নায়ক। এমন উইকেটের কথা মাথায় রেখেই স্বাগতিকরা নাসুম আহমেদকে দলে যুক্ত করে। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেন। আর অফস্পিনার রস্টন চেজ নেন দুটি উইকেট। তবে দিনের নায়ক ছিলেন বাংলাদেশের স্পিনাররাই। রিশাদ হোসেন ও তানভির ইসলাম মিলে ৮ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের জয় এনে দেন।
অন্যদিকে, ওয়ানডে স্কোয়াডে থাকা দুই পেসার জেদিয়াহ ব্লেডস ও শামার জোসেফকে ক্যারিবিয়ানে ফিরিয়ে নেওয়া হয়েছে।





