চলন্ত বাসে পোশাকের কারণে এক নারীকে হেনস্তা করার অভিযোগে রমজান পরিবহণের হেলপার নিজামুদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩১ অক্টোবর) র্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব-৪ এর একটি দল নিজামুদ্দিনকে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নারীকে হেনস্তার ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি র্যাবের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, নিজামুদ্দিন এক নারীকে মারধর করছেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানিয়েছেন, নিজামুদ্দিনকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, ঘটনাটি গত ২৯ অক্টোবর ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসের হেলপার নিজামুদ্দিন এক নারীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে তার গায়ে হাত তোলেন। সে সময় বাসের অন্য যাত্রীদের তেমন কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি।
হেনস্তার শিকার হওয়া ওই নারীর নাম সিদরাতুল মুনতাহা রহমান তীব্র। তিনি আজ (৩১ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।” সিদরাতুল মুনতাহা আরও জানান, প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।





